৩ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর চীনের গানসু প্রদেশের লিনজে জেলায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে রেনবো মাউন্টেন বা রামধনু পর্বত। এর অপর নাম ঝাংগিয়ে ড্যানজিয়া ল্যান্ডফর্ম। এটি একটি জিওগ্রাফিক্যাল পার্কের অংশ। আগে পার্কটির নাম ছিল ঝাংগিয়ে ড্যানজিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফিক্যাল পার্ক। বর্তমানে এর নাম গানসু ঝাংগিয়ে ন্যাশনাল পার্ক। এটি অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখানে প্রবেশ করলেই পর্যটকদের চোখ ধাঁধিয়ে যায় বেগুনি-নীল-আকাশি-সবুজ-হলুদ-কমলা-লাল রঙের বাহার দেখে। ভাববেন না যে, পার্কে রঙবেরঙের ফুল ফুটেছে। পাহাড়ের গায়ে প্রকৃতিদেবী নিপুণ হাতে তাঁর সাতরঙা তুলি বুলিয়েছেন।
প্রায় ২ কোটি ৪ লাখ বছর ধরে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই রেনবো মাউন্টেন তৈরি হয়েছিল। সংঘর্ষের ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছিল শিলাস্তর। প্রচুর পরিমাণে রঙিন সিলিকা, লোহা ও বিভিন্ন খনিজ পদার্থ ছিল সেই শিলাস্তরে। ঝড়, বৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, জলবায়ু পরিবর্তন ও নানা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে গড়ে উঠেছে ড্যানজিয়া ল্যান্ডফর্ম। ২০১০ সালে ইউনেস্কো প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তবে ভূ-বিজ্ঞানীদের দাবি, এই রেনবো মাউন্টেনের প্রাথমিক রঙ ছিল টকটকে লাল। রঙিন সিলিকা আর ভূগর্ভস্থ লোহা আর তামার বিক্রিয়ার ফলেই এসেছিল এই লাল রঙ। পরবর্তীকালে বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে বিক্রিয়া ও পরিবেশের প্রভাবে সেই লাল রঙের ওপরে পড়েছে বিভিন্ন রঙের প্রলেপ।
পাবলো পিকাসো তার আত্মজীবনীতে লিখেছেন,‘সুন্দরের কাছে গিয়ে নীরব হয়ে যেতে হলে চলে যাও চিনের রেনবো মাউন্টেন। আমি গিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।’ মাও সে তুং চীনে বিপ্লব করার আগে সামরিক প্রবন্ধগুলো যখন লিখেছিলেন তখন ক্লান্তি ভুলতে ১৭বার এখানে গিয়েছিলেন। শোনা যায় ভারতের বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুও গিয়েছিলেন। রেনবো মাউন্টেন দেখতে উত্তর-পশ্চিম চীনের বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকেরা। শুধু রঙের বৈচিত্র নয়, পর্যটকদের আকৃষ্ট করে বিভিন্ন আকৃতির পাথরও। তবে এখান থেকে রঙিন পাথর নিয়ে যাওয়া আইনত দণ্ডনীয়।
বিস্ময় জাগানো আরেকটি বিষয়, এই ৪০০ বর্গ কিলোমিটার এলাকায় ঘাস ছাড়া অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই। এর একটা কারণ হতে পারে এখানকার অত্যন্ত রুক্ষ ও শুষ্ক আবহাওয়া।
ড্যানজিয়া ল্যান্ডফর্মের পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে নীল আকাশের নিচে রামধনু রঙের পাহাড়ি ঢেউ ছাড়া আর কিছুই দেখা এক বিরল বিস্ময়কর অভিজ্ঞতা। রেনবো মাউন্টেন দেখতে যেতে চাইলে বেজিং থেকে গানসু প্রদেশের রাজধানী ল্যানঝাউ ট্রেনে বা বিমানে পৌঁছে, সেখান থেকে গাড়িতে রেনবো মাউন্টেন যেতে হবে।