২৫ মার্চ ২০২২
ক্রীড়া ডেস্ক : পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার। এর আগে বুধবার ওয়ানডে সিরিজ জয়ের পর রাত ৯টা ৪০ মিনিটে জোহানেসবার্গ থেকে ঢাকার ফ্লাইট ধরেন সাকিব।
তিন সন্তান, মা এবং শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে শেষ ওয়ানডের আগেই ফিরে আসতে চেয়েছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে তিনি থেকে যান এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন।
দেশে ফেরার পর সাকিবের কাছে সিরিজ জয়ের অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো লাগছে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। যেখানে কন্ডিশন আমাদের অনুকুলে না। সেখানে আমরা সিরিজ জিততে পেরেছি। তা তো অবশ্যই আমাদের জন্য ভালো। সিরিজ জয়ের জন্য সবাই চেষ্টা করেছে ভালো করার জন্য। সবার কন্ট্রিবিউশন ছিলো, সে কারণেই আমরা জিততে পেরেছি। আর বাংলাদেশ দলে সিনিয়র-জুনিয়র সবাই পারফর্ম করছে, এটা স্বস্তির। আর পেস বোলাররা অনেকদিন ধরেই ভালো করে আসছে।
সাকিব অবশ্য দেশে ফিরে পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।