৩ মার্চ ২০২২


সিলেটে ‘উন্নতির দিকে’ করোনা পরিস্থিতি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে। সরকারি পরিসংখ্যান অনুসারে গেলো ১ সপ্তাহে সিলেট বিভাগের ৪ জেলায় কেউ করোনায় মারা যাননি। বিভাগের জেলাসমূহে ক্রমশ করোনাক্রান্ত শনাক্তের হারও কমে এসেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তি ২৪ ঘণ্টায় বিভাগে কোন মৃত্যু নেই। করোনা ধরা পড়েছে মাত্র ১১ জনের শরীরে। এদের সকলেই সিলেট জেলা ও ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্যানুসারে, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে করোনায় কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪ জেলা মিলিয়ে মোট ৮১২টি নমুনা পরীক্ষা করে মাত্র ১১ জনের নমুনাতে করোনার জীবাণু মিলেছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার শতকরা ১.৩৫ ভাগে নেমে এসেছে।

নতুন শনাক্তকৃতদের মধ্যে সিলেট জেলায় ৭ জন ও সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের কারোর নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়নি।

স্বাস্থ্যবিভাগের দেওয়া তথ্যানুসারে বিভাগজুড়ে সর্বমোট মৃত্যুসংখ্যা এখন ১ হাজার ২২৮ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৯১১, সুনামগঞ্জে ৭৫ মৌলভীবাজারের ৭২ ও হবিগঞ্জে ৪৯ জন। এছাড়া সিলেট বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নেওয়া বিভিন্নস্থানে ১২১ জন মারা গেছেন।

বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ২৯ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা শঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

বিভাগে মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৭০৭ জনে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৯১২ জন, সুনামগঞ্জে ৭ হাজার ৫০ জন, হবিগঞ্জে ৭ হাজার ৬৬২ জন, মৌলভীবাজারে ৯ হাজার ৮৫১ জন এবং ওসমানী মেডিকেলে ৬ হাজার ২৩২ জন।

শেয়ার করুন