৩ ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমা হামলার সময় ইসরায়েলের সঙ্গে আর কোনধরনের আলোচনা হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার (৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি আল জাজিরাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে ততক্ষণ কোনও ধরনের বন্দি বিনিময় হবে না।
তিনি বলেছেন, ‘এখন যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং টেকসই ও নিশ্চিত যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ও হবে না।’
তিনি আরও বলেন, ‘দখলকারীরা (ইসরায়েল) জোর দিয়ে বলেছে,গাজায় এখনও নারী ও শিশুদের আটকে রাখা হয়েছে। কিন্তু আমরা বলেছি- আমরা তাদের সবাইকে হস্তান্তর করেছি। গাজায় আটক থাকা বাকি বন্দিরা সৈনিক এবং এমন বেসামরিক ব্যক্তি যারা দখলদার সেনাবাহিনীতে কাজ করেছে।’
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশনায় মোসাদ প্রধান ডেভিড বার্নেয়া দোহায় অবস্থানরত তার দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করেনি। ওই চুক্তির মধ্যে ছিল তারা সকল নারী ও শিশু বন্দিদের ছেড়ে দেবে। এ সংক্রান্ত একটি তালিকা হামাসের কাছে দেওয়া হয়েছিল এবং এটি অনুমোদনও তারা দিয়েছিল।
এএস // আতারা