১৮ ডিসেম্বর ২০১৭


দিরাই কলেজ রোডের বেহাল দশা

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই পৌর শহরের কলেজ সড়কের বেহাল দশা। সড়কে ছোট বড় খানা-খন্দের সৃষ্টি হয়ে তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই পানি লেগে যায়। এই রোডেই বাসস্ট্যান্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগে থাকে। ব্যস্ততম বেহাল সড়কটি অভিভাবকহীন। যেন দেখার কেউ নেই।

কলেজ রোডের বাসিন্দা রুবেল মিয়া বলেন, কলেজ রোডটি বহুদিন যাবত চলাচলের অনুপযোগী হয় পড়ে আছে, ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করেছে, প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা ঘটে চলছে। কলেজ রোডের ব্যস্ততম বাস স্টেশন অতিক্রম করতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। বাস স্টেশন সড়ক দিয়ে যাতায়াত করতে খুবই ভয় লাগে। যেদিন বৃষ্টি হয় সেদিন কাদামাখা হয়ে বাসায় ফিরতে হয়।

ব্যবসায়ী কল্লোল তালুকদার বলেন, আমাকে ব্যবসায়ী কাজে মাসে অন্তত সাত-আটবার সিলেট, সুনামগঞ্জ যেতে হয়। বাস স্টেশনে আসলেই মন খারাপ হয়ে যায়। ছোট বড় খানাখন্দে ভরপুর কলেজ রোড ও বাসস্টেশন এলাকা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম বাসস্টেশনটির বেহাল দশার যেন দেখার কেউ নেই।

দিরাই পৌর শহরের বাসিন্দা সংবাদকর্মী হাম্মাদ আহমদ বলেন, শহরের ব্যস্ততম চারটি রাস্তার চৌমোহনায় বাসস্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগে থাকে। আর এখন ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় বাসস্টেশন দিয়ে চলাফেরা বিপজ্জনক হয়ে উঠেছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই কলেজ রোড ও বাস স্টেশনের এমন বেহাল দশা।

এ ব্যাপারে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন, কলেজ রোডটি হচ্ছে এলজিডির অধীনস্থ। আমি কর্তৃপক্ষকে বাসস্টেশন সড়ক ও কলেজ রোড দ্রত মেরামত করতে বার বার অনুরোধ করেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমি কয়েকবার বাসস্টেশন ও কলেজ রোড মেরামত করেছি।

(আজকের সিলেট/১৮ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন