২৮ ফেব্রুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় (কোভিড-১৯) কারোর মৃত্যু হয়নি। এই নিয়ে টানা ৩ দিন ধরে সিলেট বিভাগে করোনায় কোন মৃত্যুর খবর আসেনি। শনাক্তের হারও ২ শতাংশের নিচেই আছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৯৭১ জনের। ১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯ পজিটিভ।
সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্যানুসারে, নতুন কোনো মৃত্যু না থাকায় সিলেট বিভাগের ৪ জেলা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মিলিয়ে সর্বমোট মৃত্যুসংখ্যা এখন ১ হাজার ২২৮ জনেই রয়েছে।
মৃতদের মধ্যে বিভাগের সিলেট জেলায় সর্বোচ্চ ৯১১। আর সর্বনিম্ন হবিগঞ্জ জেলায় ৪৯ জন। সুনামগঞ্জে ৭৫ মৌলভীবাজারের ৭২ ও ওসমানী মেডিকেলে চিকিৎসা নেওয়া বিভিন্নস্থানের ১২১ জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে সিলেট জেলায় ৫, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২ জন করে এবং ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন বিভিন্নস্থানের ৫ জন।
এছাড়া ডা. হিমাংশু লাল রায়ের দেওয়া তথ্যানুসারে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে আছেন ৪১ জন। যার মধ্যে ৬ জন আইসিইউতে।
বিভাগে মোট করোনাক্রান্ত ৬৬ হাজার ৬৫৬ জন। এদের মধ্যে সর্বোচ্চ করোনা প্রমাণিত হয়েছে সিলেট জেলায় ৩৫ হাজার ৮৮৫ জন। সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে সুনামগঞ্জে ৭ হাজার ৪৮ জন।