১০ ফেব্রুয়ারি ২০২২


জিন্দাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর জিন্দাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ৫০ মিনিটে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন ব্লু মুন নামের কাপড়ের শো-রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করলেও, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এসি থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, নগরীর জিন্দাবাজার পয়েন্টের ব্লু মুন নামের কাপড়ের শো রুমে বুধবার রাত ১০টা ৫০ মিনিটে হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানজুড়ে। আগুনের লেলিহান শিখা নিচতলার শো রুম থেকে দুতলার গোডাউনে ছড়িয়ে যায়। এতে পুড়ে যায় লাখ লাখ টাকার তৈরি পোষাক। দোকানের লোকজন এবং পার্শ্ববর্তী দোকানের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। অগ্নিকাণ্ডের ঘটনায় হুলস্থুল শুরু হয় পথচারীদের মাঝে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী। আগুনের ভয়াবহতা দেখে তিনি ফোন দেন ফায়ার সার্ভিসকে রাত ১১টায় ঘটনাস্থলে আসে সিলেট ফায়ার স্টেশনের দুটি দল। ফায়ার সার্ভিসের দলটির প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

কোতোয়ালি থানার এসি সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে এসি থেকেই এই আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, তারা তাৎক্ষণিক আগুন নেভালে এটা আশেপাশের দোকানে ছড়িয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।

শেয়ার করুন