১১ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মত সিলেটজুড়েও চলছে সয়াবিন তেলের বাজারে হাহাকার। দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তাদের পকেট কাটার দ্বান্ধা করছেন অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর। কালিঘাট পাইকারী বাজারের পর এবার নগরীর কাজিটুলার দু’টি বাসায় অভিযানে জব্ধ করা হয়েছে বিপুল পরিমাণ সয়াবিন তেল। মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে র্যাব ও ভোক্তা অধিকার।
বুধবার দুপুরে নগরীর কাজিটুলার হিলভিউ কনভেনশন হলের ঠিক পাশের ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
জানা যায়, ওই বাসায় সয়াবিন তেল মজুদ করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ‘কামাল বাদ্রার্স’র মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই বাসায় তেল মজুদ করে রাখেন এবং আগের দামের কেনা সয়াবিন নতুন দামে বিক্রি করতে থাকেন। সকালে কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ দোকানটি তালাবদ্ধ দেখে সন্দেহ হয় ভোক্তা অধিদপ্তর ও র্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে কাজিটুলার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ তেল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যবসায়অর গুদামে অভিযান চালিয়ে আমরা সামান্য কিছু তেল পাই। এরপর বাসায় অভিযান চালিয়ে সেখানকার একটি কক্ষে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় দেখতে পাই। গোপন মাধ্যমে খবর পেয়ে আমরা এই অভিযান চালাই। জব্দকৃত তেল পূর্বের নামে বিক্রি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি- কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমন খবরে আমরা নগরজুড়ে অভিযান চালাচ্ছি। এখন লালদিঘীর পাড় এলাকায় অভিযানে যাচ্ছি।
উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।