২০ জানুয়ারি ২০২২
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে ৪৮টি। এর মধ্যে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তাহিরপুরে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী জামাই ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার। শ্বশুর উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান ইউপি সদস্য শামছুজ্জামান আহমেদ। শ্বশুর শামছুজ্জামানের বাড়ি ইউনিয়নের কলাগাঁও গ্রামে ও জামাই খাইরুল বাশারের বাড়ি পার্শ্ববর্তী চারাগাঁও গ্রামে।
জামাই-শ্বশুরের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ইউনিয়ন পেরিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। নির্বাচন নিয়ে তাদের কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ‘ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন। আমার মাঠের অবস্থা খুবই ভালো।’
এদিকে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও উপজেলা বিএনপি সহসভাপতি শামছুজ্জামান আহমেদ বলেন, ‘ভোটাররা যাকে যোগ্য বা উপযুক্ত মনে করবেন, তাকেই বিবেচনা করবেন ও ভোট দেবেন। জামাইয়ের নির্বাচনের কারণে আমার ভোটের ওপর কোনো প্রভাব পড়বে না। জামাই এর আগে দু’বার নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি শ তিনেক ভোট পান। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৪ বছর ইউনিয়ন পরিষদে ছিলাম। আশা রাখি, এবারও জনগণ আমাকে ভোট দিয়ে তাদের পাশে রাখবেন।’
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা জানান, শ্রীপুর উত্তর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন জামাই-শ্বশুর আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।