৩ জানুয়ারি ২০২২


সিলেটে বিদায়ী বছরে বেড়েছিল হত্যাকাণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ২০২১ সালে বেড়ে গিয়ে ছিল হত্যাকাণ্ড। বিদায়ী বছরের অন্তত অর্ধশতাধিক হত্যার ঘটনা ঘটেছে। এ বছরের মার্চ ও এপ্রিলে সবচেয়ে বেশি ৩২টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসেই ১০টি হত্যা হয়। সর্বশেষ মঙ্গলবার হবিগঞ্জ শহরের প্রধান সড়কে হবিগঞ্জ সদর হাসপাতালের টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। একইদিনে সুনামগঞ্জের ছাতকে নাতির হাতে দাদী খুনের ঘটনার খবর পাওয়া গেছে।

সিলেট পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুন থেকে ২০২১ সালের ১৯ জুন পর্যন্ত জেলা পুলিশের ১১টি থানায় ৩১৬টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত ১১৭টি হত্যা মামলা হয়। ২০১৮ সালের ১৮ জুন থেকে ১৭ জুন ২০১৯ পর্যন্ত ৮৫টি হত্যা মামলা, ১৮ জুন ২০১৯ থেকে ১৭ জুন ২০২০ পর্যন্ত ৫৩টি হত্যা মামলা এবং ২০২০ সালের জানুয়ারী থেকে থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মোট ৮০টি হত্যা মামলা হয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, হত্যাকাণ্ড বেড়েছে বিভিন্ন কারণে। এরমধ্যে পারিবারিক কলহ, জমিজমা ও ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। মানুষজন এখন তুচ্ছ কারণেও হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলছে। হত্যাকাণ্ডরে মতো এমন নৃশংস কাজ থেকে মানুষের ধ্যান ধারনা সরিয়ে নিয়ে পারিবারিক ও সামাজিক ভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন