২৮ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক ভুয়া পুলিশ সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯০ বোতল মদ, ৩৫ পিস ইয়াবা, ১৫০গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট। গ্রেফতারকৃতরা হলো- জেলার সুনামগঞ্জ পৌরশহরের আরপিননগর এলাকার মৃত সরাব মিয়ার ছেলে ভুয়া পুলিশ সদস্য আব্দুল জব্বার শিপলু পাবেল (২৮) ও পাশ্ববর্তী ব্রাক্ষণগাঁও গ্রামের মৃত মুছাদ্দর আলরি ছেলে আব্দুর রশিদ (৩৩)।
মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক ভাবে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে- র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরশহরের জামতলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা, ১৫০গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেটসহ ভুয়া পুলিশ সদস্য আব্দুল জব্বার শিপলু ও দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে ৯০বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের মেজর মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।