২৪ ডিসেম্বর ২০২১
পিআইবি’র উদ্যোগে পেশাদার সাংবাদিকদের জন্য কর্মশালার সমাপনী দিনে শুক্রবার দুপুরে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের হাত থেকে সনদপত্র গ্রহণ করছেন আজকের সিলেট এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।
ডেস্ক রিপোর্ট : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে বদ্ধ পরিকর। বঙ্গবন্ধু প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করে সাংবাদিকতার মান-মর্যাদা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারও এই ধারবাহিকতায় আন্তরিকভাবে কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করতে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে পিআইবি’র ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনই একযোগে একাধিক কর্মশালা চলমান রয়েছে। এই ধারাবাহিতায় সিলেটেও একযোগে একাধিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
শুক্রবার পিআইবি’র উদ্যোগে সিলেট জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের জন্য ২ দিনব্যাপী ‘সিআরসি, সিডো ও মীনা বিষয়ক প্রশিক্ষণ’র সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণকালে দেশের প্রবীণ এই সাংবাদিক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ যদি কর্মক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় না দেন তবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। আর পেশাদারিত্ব বাড়াতে সাংবাদিকদের প্রশিক্ষিত ও দক্ষ হতে হবে। পিআইবি’র প্রশিক্ষণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বিস্তৃত করা হবে। সাংবাদিকদের উন্নয়নের লক্ষ্যে পিআইবি কাজ চালাচ্ছে।
সিলেট নগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) কনফারেন্সরুমে দুদিনব্যাপী কর্মশালায় স্থানীয়-জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সিলেটের ৩ জন নারী সাংবাদিকসহ ৩০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার সমন্বয়কারী পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ, প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও পিআইবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে পিআইবির উদ্যোগে গত বুধবার নগরীর রিকাবীবাজারের সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালা। যাতে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের পেশাদার আরও ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ নেন। বুধবার তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ, প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।