২৩ ডিসেম্বর ২০২১


হবিগঞ্জে পুলিশের মামলায় আসামি দুই হাজার, ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামিকরে আরো ৬৪ জনের নাম উল্লেখসহ দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার পর গ্রেফতার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে শহর ছাড়া হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। মামলায় জি কে গউছকে ছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামি করা হয়েছে।

এদিকে, গ্রেফতার আতংকে বাড়ি ছেড়ে পালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে শহর ছাড়া হয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, আমরা মারও খেলাম, এখন পালিয়েও থাকতে হচ্ছে। কেউ ঘরে ঘুমাতে পারছি না। অথচ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা যখন জড়ো হচ্ছিল তখন শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ বাঁধা দেয়, সংঘর্ষ হয়। ছাত্রদল নেতা সাইদুর রহমানের একটি চোখ নষ্ট হয়েছে। সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগানের অবস্থাও আশংকাজনক।

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না। নিরপরাধ কেউ হয়রানির শিকারও হবে না। তবে যারা জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন