২২ ডিসেম্বর ২০২১


ভারতকে হারিয়ে ফাইনালে জাপান

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : গ্রুপ পর্বে যে দলকে পাত্তাই দেয়নি, সেই জাপানের কাছেই হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলো ভারত। অন্যদিকে দারুণ এই জয়ে ফাইনালে উঠে গেল জাপানিরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে ৫-৩ গোলে জিতেছে জাপান।

এর আগে গ্রুপ পর্বে জাপানকেই ৬-০ গোলে হারিয়ে দিয়েছিলো ভারত। সেই গ্রুপের শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করেছিলেন হরমনপ্রীতরা। অন্যদিকে চার নম্বরে ছিলো জাপান।

দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।

ভারতকে প্রথম কোয়ার্টারেই দুই গোল দিয়ে কোণঠাসা করে ফেলে জাপান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় ভারত। কিন্তু এরপর তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় এশিয়ার র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা জাপান।

চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হারমানপ্রিত সিং এবং ৫৯তম মিনিটে হার্দিক সিংয়ের গোলে ঘুরে দাঁড়ানো ইঙ্গিত দেয় ভারত। কিন্তু শেষ পর্যন্ত জাপানের মুঠো থেকে ম্যাচ বের করে আনতে পারেনি তারা।

২০১৮ সালের আসরে ফাইনালে উঠেছিল ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এশিয়ান হকি ফেডারেশন। এবারের আসরে দুই দল ছিটকে গেল সেমিফাইনাল থেকে।

শেয়ার করুন