১ ডিসেম্বর ২০২২
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
তারা হলেন – নুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান ও স্ত্রী মাসুদা আক্তার।
বৃহস্পতিবার দুপুরে দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন । ২০১৭ সালে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে ২৮ ডিসেম্বর বিপুল ভোটে বিজয়ী হন মোঃ মুখলিছুর রহমান।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পান নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইছহাক আলী সেবন মিয়া। বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান মনোনয়নপত্র থেকে বনচিত হন। তাই তিনি নুরপুর ইউনিয়নবাসীর সমর্থনে বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিযোগিতা করেছেন । এদিকে সস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা – সমালোচনা।
সস্ত্রীক মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মোঃ মুখলিছুর রহমান এ প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার সহধর্মিণী নির্বাচন করবেন । যদি বাছাই কালে কোনো সমস্যা না হয়, তা হলে আমার স্ত্রী মাসুদা আক্তার প্রার্থীতা প্রত্যাহার করে নেবে।