১৬ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাঙালি জাতির জীবনে আলাদা তাৎপর্য আর আবহ নিয়ে এসেছে। করোনার ওমিক্রম ধরনের সংক্রমণ উপেক্ষা করে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণে দেশমাতৃকার তরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে হাতে ভালোবাসার অর্ঘ নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
বৃহষ্পতিবার ভোর থেকে শহীদ মিনার অভিমুখে ঢল নেমেছে জনতার। হানাদারদের বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে বিজয়ের এইদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন তারা। নতুন প্রজন্মের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা। গায়ে লাল-সবুজের কাপড় জড়িয়ে শহীদ বেদিতে ফুলের অর্ঘ দিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
সূর্যধয় থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। লোকে লোকারণ্য হয়ে পড়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সিলেট নগরীর সব ক’টি সড়কে আগত মানুষের গন্তব্য ছিলো কেন্দ্রীয় শহীদ মিনার।
আর মহান বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনার এলাকা ছাড়াও নগরময় পোশাকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলো। এছাড়া বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন।