১২ জুন ২০২০


দ.সুরমার পাওয়া অজ্ঞাত লাশটি পাথর ব্যবসায়ী কালামের

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার শিববাড়ী বাজারের ষাটঘর এলাকা থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি গোয়াইনঘাটের জাফলংয়ের পাথর ব্যবসায়ী আবুল কালাম।

শুক্রবার সকালে নিহতের ভাতিজা মো. সুমন মিয়া সেখানে গিয়ে মরদেহটি তার চাচা পাথর ব্যবসায়ী আবুল কালামের বলে শনাক্ত করেন। সুমন বলেন, পাওনা টাকার জন্যই তার চাচাকে খুন করা হয়েছে বলে তারা ধারণা করছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে আবুল কালাম জাফলং এলাকায় পাথর ব্যবসা করে আসছিলেন। তিনি কোয়ারি থেকে পাথর ক্রয় করে তা অন্যত্র বিক্রি করতেন । বেশ কিছুদিন ধরে সিলেটের মোগলা বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে পাথর সরবরাহ করে আসছিলেন তিনি। গত বুধবার দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার এক ব্যক্তির কাছে পাথর ব্যবসার পাওনা টাকার জন্য গিয়ে আর বাড়ি ফিরেননি।

শুক্রবার সকালে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে তার ছবি দেখে মরদেহটি আবুল কালামের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন। আবুল কালাম (৫০) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি গ্রামের বাসিন্দা।

মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, মরদেহের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও বিষয়টি গুরুত সহকারে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে ঘটনাটি হত্যা কি না তা জানা যাবে।

শেয়ার করুন