১৫ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলাটি গ্রহণ করেননি আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় গত রোববার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান।
বুধবার দুপুরে তা আমলে না নিয়ে খারিজ করে দেয়া হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
উল্লেখ্য, আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এর পর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে আবারো ঢাকায় ফেরেন তিনি।