১১ ডিসেম্বর ২০২১
বিনোদন ডেস্ক : মাদক মামলায় জামিন পাওয়ার প্রায় দেড় মাস পর বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বিচারপতি নিতিন সাম্ব্রের দেওয়া জামিনের শর্তের পরিবর্তন চান তিনি। কিছু শর্তের বদল চেয়ে উচ্চ আদালতে আবেদনও করেছেন আরিয়ান।
প্রমোদতরীর মাদক কাণ্ডে গত ২৯ অক্টোবর শাহরুখপুত্রের সঙ্গে জামিন পান তার দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাও। সে সময় এই তিন অভিযুক্তকে ১৩টি শর্তের বিনিময়ে জামিন দেয় বম্বে হাই কোর্ট। তারই কয়েকটি শর্ত বদলাতে চান আরিয়ান।
কোন শর্তে কী বদল চেয়েছেন শাহরুখ-তনয়? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শর্তগুলোর মধ্যে অন্যতম হল প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে হাজিরা দিতে হবে আরিয়ানকে। শাহরুখপুত্র এই শর্তে কিছু শিথিলতার আবেদন জানিয়েছেন।
এর প্রেক্ষিতে আরিয়ানের বক্তব্য, প্রতি শুক্রবার হাজিরা দিতে গিয়ে তাকে প্রশাসনের বেষ্টনির মধ্যে থাকতে হয়। মুম্বাই পুলিশ বিশেষ পাহারায় তাকে দপ্তরে নিয়ে যায়, যাতে সংবাদমাধ্যমের হাত থেকে তিনি নিস্তার পান। আরিয়ানের যুক্তি, প্রতি শুক্রবার এভাবে হাজিরা দিতে গিয়ে তার অস্বস্তি আরও বাড়ছে।
আরিয়ানের আবেদন ইতোমধ্যে দেশাই করিমজি এবং মুল্লারের মাধ্যমে দায়ের করা হয়েছে এবং সম্ভবত ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্ব্রের সামনে তা পেশ করা হবে। আপাতত সেই পর্যন্ত অপেক্ষা।