২৮ নভেম্বর ২০২১
বালাগঞ্জ ও ওসমানীনগর প্রতিনিধি : পাকা ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার আমন ফসলের মাঠ। সোনালী ধানের নয়ন জুড়ানো সোনালী আভায় ভরে উঠছে গ্রামীণ জনপদ। হেমন্তের ধানে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে মাঠের পর মাঠ। আবহমান বাংলার শাশ্বত অগ্রহায়ণ মাসকে ঘিরে কৃষক-কৃষাণীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। দিনে চলছে ধান কাটা আর বিকালে মাড়াই।
জানা গেছে, চলতি বছর বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় উফশী এবং স্থানীয় জাতের মিলে ১৫ হাজার, ৮শ ৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বালাগঞ্জে আবাদ হয়েছে ৭হাজার ৫শ ৮০হেক্টর। ওসমানীনগরে আবাদ হয়েছে ৮ হাজার ২শ ৫০ হেক্টর। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় আবাদকৃত জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৭শ ১৫ মেট্রিক টন। এর মধ্যে বালাগঞ্জে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ২শ ৬৫ মেট্রিক টন এবং ওসমানীনগরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৪শ ৫০ মেট্রিক টন।
আলাপকালে বালাগঞ্জের কৃষক ফিরোজ মিয়া, আব্দুল আলী, ওসমানীনগরের কৃষক ফয়ছল আহমদ, আঙ্গুর আলী প্রমুখ জানান, চলতি বছর ফলন অনেক ভালো হয়েছে।
বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া জানিয়েছেন, মৌসুমজুড়ে আবহাওয়া অনুকুল থাকায় চলতি বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ফলন বাম্পার হয়েছে। ইতোমধ্যে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ধান কাটার ধুম শুরু হয়েছে। প্রায় ২০ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।