১৫ নভেম্বর ২০২১


শায়েস্তাগঞ্জে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এর আগে, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য নোটিশ দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী অভিযান হওয়ায় কিছু দোকানপাট আগে থেকেই সরিয়ে নিয়েছিলেন দোকানিরা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দুটি টিম ও র্যাব একযোগে কাজ করেছে। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আজকের মতো অভিযান শেষ করা হয়েছে। তবে প্রয়োজন হলে আরও অভিযান চালানো হবে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা অলিপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অলিপুরে মহাসড়কের পাশের অবৈধ দোকানপাটের কারণে মানুষ ঠিকমত আসা-যাওয়া করতে পারতো না। তাছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটতো।

তিনি আরও বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের অভিযান চলমান থাকবে। এ উচ্ছেদ অভিযানের পরও যদি কেউ অবৈধভাবে দোকানপাট গড়ে তুলেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন