১৩ জুলাই ২০২৩


সিলেট জেলা প্রশাসনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরভবনে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের পর সিলেটের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে সিলেটে সফররত ৫ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। বৈঠকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেমন হবে এবং সিলেট সিটিসহ সাম্প্রতিক নির্বাচনগুলো কেমন হয়েছে এসব বিষয়ে জানতে চেয়েছেন তারা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় আধাঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে যান তারা। পরে বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান।

বৈঠকে সিলেট সিটি করপোরেশনসহ সাম্প্রতিক অনুষ্ঠিত সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেটের জেলা প্রশাসক।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। তাই নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন সিলেটে আসা প্রাথমিক প্রতিনিধি দল। আমরা তাদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই আমাদের সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি।

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের আগে সিলেট জেলা পুলিশ সুপার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল।

শেয়ার করুন