১৫ নভেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : জমে উঠেছে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী। প্রতিদিনই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকারা তাদের শিক্ষার্থীদের নিয়ে প্রদর্শনী দেখতে আসছেন।
প্রদর্শনী দেখতে আসা বসন্ত মেমোরিয়েল স্কুল (বিশিকা) এর তৃতীয় শ্রেণীর ছাত্র পৃথ্বিরাজ সিংহ জানান, প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী (বাপু) সম্পর্কে জানতে পেরেছি। আর মুক্তিযুদ্ধকালীন সময় ঘটে যাওয়া দুর্ঘটনার অডিও, বঙ্গমাতা ও ভারতের রাষ্ট্রমাতা সম্পর্কে জেনেছি।
সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ও সিলেট জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী দেখতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিড় লেগে থাকে। প্রদর্শনীর শুরু থেকে গতকাল পর্যন্ত নগরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী কুদরত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল জামেয়া উচ্চ বিদ্যালয়, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্তিক স্কুলসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরা ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ দেখতে ভিড় করছেন।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল, সেকেন্ড সেক্রেটারি এন কে গঙ্গোপাধ্যায় প্রতিদিনই দর্শনার্থীদের সাথে কথা বলছেন। প্রদর্শনী নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছেন।
মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘরের কিউরেটর শ্রী বিরাট রাজারাম ইয়াগনিক দ্বারা বিশেষভাবে পরিচালিত এই অনন্য ডিজিটাল প্রদর্শনী আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে উপমহাদেশের দুই বরেণ্য নেতা স্বাধীন বংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর (বাপু) জীবনী নির্ভর প্রায় ৫’শ ভ্রাম্যমাণ তথ্যচিত্রসহ দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে।