৭ নভেম্বর ২০২১


ফেঞ্চুগঞ্জে সরকারি ওয়েবসাইটগুলোর এ কী হাল?

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকারি কার্যালয়গুলোর ওয়েবসাইটে তথ্য আপডেট না থাকায় বিপাকে পড়েতে হচ্ছে সেবাগ্রহীতাদের। ওয়েবসাইটগুলোতে সর্বশেষ তথ্য সংযোজন না থাকায় তাদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। ওয়েবসাইট নিয়মিত আপডেট না হওয়ায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও সঠিক তথ্য পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

এতে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী যে তথ্যগুলো স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করার কথা, সেগুলোও নেই। তাছাড়া দপ্তরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য, সুবিধাভোগীদের তালিকা এগুলোও নেই অধিকাংশ ওয়েবসাইটে।

উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত ৩০টি সরকারি দপ্তরের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, বিভিন্ন দপ্তরের লিংক থাকলেও অধিকাংশ লিংকেই নেই কোনো হালনাগাদ তথ্য। দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি ওয়েবসাইটে দেয়া তথ্যগুলো। এমনকি ফেঞ্চুগঞ্জ উপজেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আপডেট তথ্যও নেই। পাওয়া যাচ্ছে দীর্ঘদিন আগে বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের নাম।

উপজেলার তথ্য বাতায়নে প্রবেশ করে দেখা যায়, প্রশাসনের মাসিক কর্মসূচি ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার কার্যবিবরণী ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত থাকলেও ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও সভার কোনো তথ্য পোর্টালে আপডেট নেই। গত বছরের ২৫ ডিসেম্বর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন মৃত্যুবরণ করলেও উপজেলা তথ্য বাতায়ন ওয়েবসাইটে তাঁকে জীবিত দেখাচ্ছে।

উপজেলার আরেক গুরুত্বপূর্ণ দপ্তর ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। এই অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, দপ্তরের ‘প্রকল্প সমূহ’ প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এই সাইটে।

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের নাম ও মোবাইল নম্বর থাকলেও দেয়া নেই প্রশিক্ষণ, পরামর্শসহ বিস্তারিত তালিকা। একই অবস্থা উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের ওয়েবসাইটেও। সেখানে কর্মকর্তার নাম থাকলেও নেই কর্মচারীদের নাম, ছবি ও মোবাইলসহ অন্যান্য তথ্য।

উপজেলা বন অফিসের কর্মকর্তা-কর্মচারীর নামও খুঁজে পাওয়া যায়নি। তাছাড়াও সেবা, সিটিজেন চার্টারসহ অন্যান্য কোনো তথ্যই সংযুক্ত নেই এই দপ্তরের সাইটে। অপরদিকে, উপজেলা আনসার ভিডিপি অফিসার, তথ্য প্রদানকারী কর্মকর্তা, দুজন প্রশিক্ষকের নাম ছাড়া ওয়েবসাইটে জানার কোনো তথ্য ও কার্যক্রম সংযোজন করা নেই। এভাবেই সমাজসেবা, যুব উন্নয়ন, সমবায়, বিআরডিবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, নির্বাচন, বিএমডিএ, খাদ্য নিয়ন্ত্রক, জনস্বাস্থ্য, ইসলামিক ফাউন্ডেশন, বিটিসিএল অফিসসহ সকল দপ্তরের বর্তমানে কোথায়, কী উন্নয়ন করা হচ্ছে এর কোনো রকম তথ্য নেই। নোটিশ বোর্ডে নেই কোনো নোটিশ, পুরোপুরি কোনো তথ্যই সংযোজন করা নেই অফিসগুলোর ওয়েবসাইটে।

অপরদিকে, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ‘প্রকল্প সমূহ’ বা প্রকল্প ক্যাটাগরিতে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার তারেক মাহমুদ খান বলেন, সবকটি সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলো হালনাগাদ করার জন্য জেলায় একাধিকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। উপজেলার বিভিন্ন দপ্তরের ওয়েবাসাইটে কারো কোনো সমস্যা হলে আমাকে বললে আমি সহযোগিতা করে থাকি। তারপরও কেন ওয়েবসাইটগুলো আপডেট হচ্ছে না তা বলতে পারছি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি বিষয়ক কমিটির সভাপতি রাখী আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের মূল ওয়েবসাইটে আপডেট রয়েছে। আর অন্য দপ্তরের ওয়েবসাইটগুলো আপডেট করার দায়িত্ব দপ্তর প্রধানদের। ওয়েবসাইট আপডেট করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল দপ্তরের কর্মকর্তাদের অনেকবার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন আপডেট নেই সেই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন