২১ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : যতো দিন যাচ্ছে সিলেটে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ততোই কমে আসছে। ফলে সিলেটের হাসপাতালগুলোতেও এখন করোনা রোগীদের চাপ নেই। ক্রমেই শূন্য হয়ে পড়ছে করোনা রোগীদের জন্য রাখা হাসপাতালের শয্যাগুলো। এতে করে মানুষের মধ্যে ভয় আর আতংকও দুর হচ্ছে ক্রমাগত। সিলেটে গত চব্বিশ ঘন্টায় মাত্র ৭ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অপর দিকে এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। তাছাড়া সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭২ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সিলেট জেলার, ১জন মৌলভীবাজারের। বিভাগের বাকি দুই জেলায় কোনো রোগী শনাক্ত হননি। ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.১৬ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৯১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪০ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭৫৩ জন। সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৪৭ জন ও হবিগঞ্জের ৬৬৪৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭৪৪ জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।