২৬ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : বিশ্বের উন্নত দেশগুলোর প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চালু রয়েছে গুগল ম্যাপের ট্রাফিক ফিচার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকায়ও গত বৃহস্পতিবার চালু হয়েছে সেবাটি। শুধু তাই নয় ফিচারটি এখন সিলেটেও ব্যবহার করা যাচ্ছে।
এ ফিচারের সাহায্যে সিলেটের রাস্তাগুলোর ট্রাফিকের অবস্থা সম্পর্কে জানা যাচ্ছে। গুগল ম্যাপসে অন্য অনেক দেশে আগেই ট্রাফিক অপশনটি সংযুক্ত ছিল। এখন বাংলাদেশেও এ ফিচার যুক্ত হলো। যে কেউ এনড্রয়েড মোবাইল ফোন থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
ফিচারটির মাধ্যমে এখন একজন ব্যবহারকারী তার গন্তব্য খুঁজে বের করার পাশাপাশি সেখানে যেতে কতো সময় লাগতে পারে তাও জানতে পারবেন। একইসাথে রাস্তার ট্রাফিক আপডেট দেখে বেছে নিতে পারবেন সুবিধাজনক রুট।
গুগল ম্যাপের ড্রপ ডাউন মেনুতে ট্রাফিক নামে একটা অপশন রয়েছে। এইটা প্রেস করলেই গুগল ট্রাফিক চালু হয়ে যাবে। ফিচারটি চালু করার পরে বিভিন্ন রংয়ের মাধ্যমে রাস্তার ট্রাফিকের মাত্রা বোঝানো হয়। সবুজ রং দিয়ে বোঝানো হয় রাস্তায় কোনো ট্রাফিক নেই, কমলা রং দিয়ে হালকা, লাল দিয়ে ট্রাফিক ডিলে এবং গাঢ় লাল রং দিয়ে বেহাল যানজট বোঝানো হয়। এই সেবা ব্যবহার করে মানুষ সহজে তার যাত্রাপথ ঠিক করে নিতে পারবে।
বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, গুগল এই সেবাটিতে ক্রাউড সোর্সড ডাটা ব্যবহার করে থাকে। অর্থাৎ রাস্তায় থাকা বহনযোগ্য যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন সার্ভিস অন করা আছে সেগুলোর মাধ্যমে গুগল ট্রাফিকের ডাটা সংগ্রহ করে ইন্ডিকেটরগুলো তৈরি করে। আর এর মাধ্যমে অ্যাপটি রাস্তায় থাকা গাড়ির সংখ্যা, কত দ্রুত সেই গাড়িটি চলছে এবং কত দ্রুত গাড়িগুলো চলছে সেগুলো হিসেব করে বের করতে পারে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি গুগল ম্যাপের যাত্রা শুরুর পরে এতে যুক্ত হতে থাকে বিভিন্ন ধরনের সুবিধা। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি চালু হয় রিয়েল টাইম ট্রাফিক আপডেট সেবা।
(আজকের সিলেট/২৬ নভেম্বর/ডি/এমকে/ঘ.)