১৮ অক্টোবর ২০২১


আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। ২০২০ সালের এদিনে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

মরহুম আজিজ আহমদ সেলিমের পরিবারের পক্ষ থেকেও দিনটি পালনে কবর জিয়ারত, কোরআন খতম, সোমবার বাদ আসর আম্বরখানা সরকারি কলোনী মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুম আজিজ আহমদ সেলিমের ছোটভাই জাবের আহমদ চৌধুরী পারিবারিক কর্মসূচিগুলোতে সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, জনাব সেলিম ২০২০ সালের ১৮ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নগরের মজুমদারী রিতা কুটিরের বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী সাহরিন আজিজ চৌধুরী, তিন মেয়ে, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজ আহমদ সেলিমের জন্ম ১৯৫৩ সালে। ছাত্র জীবন থেকে তিসি কর্ম-উদ্দীপক ছিলেন। ১৯৭২ সালে সিলেট এমসি ইন্টারমেডিয়েট কলেজে (বর্তমান সিলেট সরকারি কলেজ) ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তখন সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর।

কর্ম জীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে যোগদান করেন। ১৯৮৯ সালে আজিজ আহমদ সেলিম যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। পরবর্তী সময়ে যুগভেরী দৈনিক হিসেবে যাত্রা করে। তিনি দৈনিক উত্তরপূর্ব’র প্রতিষ্ঠাকাল থেকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভির সিলেট জেলা প্রতিনিধি হিসেবেও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এছাড়া আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি সিলেটের সভাপতি হিসেবে সামাজিক উন্নয়ন মূলক কর্মকা-ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

শেয়ার করুন