৬ নভেম্বর ২০২৩


শেষ দিনেও গণপরিবহনশূন্য সিলেট-তামাবিল মহাসড়ক : ভোগান্তিতে সাধারণ মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনেও আজ সিলেট-তামাবিল মহাসড়ক গণপরিবহনশূন্য। সকাল থেকে সড়কটিতে বাস চলাচল করতে দেখা যায় নি। এছাড়া লেগুনা ও সিএনজির চলাচল একদমই হাতেগোনা। নেই কোন প্রাইভেটকারও। জরুরি পণ্যবাহী কিছু গাড়ি এবং অটোরিকশা ছাড়া সড়কটিতে কোনধরনেরই যান চলাচল লক্ষ্য করা যায় নি।

 

ছবি : আজকের সিলেট

 

সোমবার দুপুরে জৈন্তাপুর,সারিঘাট,দরবস্ত ঘুরে প্রত্যক্ষদর্শনে এসব চিত্র দেখা গেছে।

সিলেট-তামাবিল সড়কে জরুরী প্রয়োজনে বের হওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান, ‘প্রথম দফা অবরোধের দুর্ভোগ কাটিয়ে দ্বিতীয় দফা অবরোধেও একই অবস্থা। হাসপাতালের উদ্দেশে ঘর থেকে বের হয়েছি। সড়কে এসে সকাল থেকে দাঁড়িয়েও গণপরিবহন পাচ্ছি না। সুযোগ বুঝে সিএনজিচালকরা বেশি ভাড়া নিচ্ছেন। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

 

ছবি : আজকের সিলেট

 

প্রসঙ্গত,সরকার পতনের দাবিতে সিলেটসহ দেশজুড়ে ‘ডু অর ডাই’ আন্দোলনে নেমেছে বিএনপি। একের পর এক হরতাল,অবরোধ করেই যাচ্ছে দলটি।

গেল ২৮ অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ শেষ করতে না পেরে পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিব্যাপী অবরোধের ডাক দেয় তারা। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে এ তিনদিনের অবরোধ শেষ হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে।

তবে দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ফের অবরোধ ডেকেছে খালেদা জিয়ার এ দলটি। গতকাল রবিবার ও আজ সোমবার (৫ ও ৬ নভেম্বর) অবরোধ-কর্মসূচি পালন করছে বিএনপি।

 

এএস // আতারা

 

শেয়ার করুন