২ জুন ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : ইতালি যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জের আট যুবক গত ৩ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ প্রত্যেকে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করা পর্যন্ত লিবিয়ার ত্রিপোলিতে অবস্থান করছিলেন। আট যুবকের মধ্যে ছয় যুবকের বাড়ি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে। নিখোঁজদের বাড়িতে আতংক বিরাজ করছে।
নিখোঁজরা হলেন- বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের আব্দুল মমিনের ছেলে মাসুম মিয়া (২৫), আব্দুস শহিদের ছেলে রজব আলী (২২), ধলাই মিয়ার ছেলে রুহুল আমিন (২১), অমৃত মিয়ার ছেলে সিদ্দিক আলী (২১), মুছিউর রহমানের ছেলে রুবেল মিয়া (২১), আব্দুল মতিনের ছেলে আব্দুল হেকিম ফয়সল (২১), পুরান পাথারিয়া গ্রামের টেনু মিয়ার ছেলে নাইম মিয়া (২২) এবং লাখাই উপজেলার কাটাইয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২১)।
নিখোঁজ যুবকদের পরিবার জানায়, ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ১ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন ছয় যুবক। বিমানে তাদেরকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে সপ্তাহখানেক পর লিবিয়ার বেনগাজীতে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ দিন পর বেনগাজী থেকে লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে যাওয়া হয়। ত্রিপোলিতে পৌঁছানোর পর কাটখাল গ্রামের স্থানীয় বাসিন্দা আমীর আলীর হাতে প্রত্যেক যুবকের পরিবার আগের কথা মতো চার লাখ করে টাকা দেয়।
ত্রিপোলি থেকে নৌকাযোগে ইতালি যাওয়ার আগে ‘গেমঘর’ নামে একটি গুদামের মতো একটি জায়গায় ঢোকানোর পূর্বে আরও সাড়ে তিন লাখ টাকা আমীর আলীকে দেওয়া হয়। এছাড়াও এই সময়ের মধ্যে প্রত্যেকের পরিবার আরও ৫০ হাজার টাকা দেয়। ওই আট যুবককে ‘গেমঘরে’ ঢোকানোর পর প্রায় ২০দিন আগে তারা তাদের পরিবারের সঙ্গে ইমো নাম্বারে কথা বলে জানান, তারা ভালো নেই। এরপর থেকে পরিবারের লোকজন তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি।
নিখোঁজ মাসুম মিয়ার মা পারভীন আক্তার বলেন, আমার ছেলের মুখে একটা শব্দ শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কখন আমার বাপধন আমার সঙ্গে কথা বলবে, তখনই আমার শান্তি হবে।
নিখোঁজ রজব আলীর বাবা শহীদ মিয়া বলেন, মানবপাচারকারী আমীর আলী ও তার সহযোগী আলমগীর মিয়ার কুমন্ত্রণায় পড়ে আমার ছেলে ইতালি যাওয়ার জন্য বায়না ধরে। শুধু তাই নয়, গ্রামের আরও পাঁচ যুবক ইতালি যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। পরে মানবপাচারকারী আমীর আলী ও তার সহযোগী আলমগীর মিয়ার সঙ্গে জনপ্রতি সাত লাখ টাকা খরচে ইতালিতে যাওয়ার চুক্তি হয়। এছাড়াও লিবিয়াতে যাওয়ার পরই জনপ্রতি আরও এক লাখ টাকা নিখোঁজ যুবকদের পরিবারের কাছ থেকে নেওয়া হয়। ওই টাকা নিয়ে মানবপাচারকারী আমীর আলী বাড়িতে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন। আমীর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবপাচারের অভিযোগ রয়েছে।
পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মো. সামরুল ইসলাম জানান, গত ২৯ মে বিষয়টি জানতে পেরেছেন। কাটখাল গ্রামের মানুষ এ বিষয়ে একটা সভা করেছে। এরপর তিনি বিষয়টি জানতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিষয়টি এখনো তার জানা নেই।