৪ অক্টোবর ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামে স্থানীয় বেতরী নদীতে ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু মানুষের জীবন বদলে দেয়ার বিপরিতে দূর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। উঁচু সেতুর দু’পাশে পর্যাপ্ত মাটি ভরাট না থাকায় যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ কারণে সরকারের উন্নয়ন কোন কাজে আসছে না স্থানীয় মানুষের।
জানা যায়, ২০১৮ সালের ৪ জুন সিলেট-৩ আসনের তৎকালিন সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামে স্থানীয় বেতরী নদীতে সেতুটি উদ্বোধন করেছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৪০ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটির এপ্রোচ অংশে পর্যাপ্ত মাটি ভরাট না থাকায় বছরের পর বছর অযত্ন, অবহেলায় যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, তারা নিজস্ব অর্থায়নে সেতুর এপ্রোচ অংশে প্রায় প্রতি বছর মাটি ভরাট করে থাকলেও স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ অথবা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু জানান, মাত্র ১৫/২০ হাজার টাকার মাটি ভরাট করা হলে ওই সেতুটি দিয়ে যানবাহন এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।