১৯ সেপ্টেম্বর ২০২১


শেখ হাসিনা শিশু পার্কের জন্য সিসিকের বরাদ্দ দুই কোটি টাকা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর দক্ষিণ সুরমা এলাকায় শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ২ কোটি টাকা বরাদ্দ রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। এমন তথ্য জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বৃহস্পতিবার সিসিকের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান।

বাজেট বক্তব্যে মেয়র বলেন, সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন কাজ প্রায় শেষ হয়েছে, অল্প কিছু কাজ বাকী রয়েছে তা শেষ করে অচিরেই পার্কটি উদ্বোধন করা হবে।

জানা যায়, ২০০৪ সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রয়াত এম. সাইফুর রহমান নগরবাসীর বিনোদনের চাহিদার কথা চিন্তা করে ২০০৪ সালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি পার্ক নির্মাণ কাজ শুরু করেন। সুরমা নদীর তীরঘেষা ৩ দশমিক ৭৭ একর জমির উপর ১৭ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। সে সময় মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণসহ পার্কের অবকাঠামোগত কাজ শেষ হয়। তখন পার্কটির নাম এম. সাইফুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পালাবদলের সাথে সাথে পার্কটির কাজ বন্ধ হয়ে গেলে অভিযোগ উঠে, সাইফুর রহমানের নামে নামকরণ হওয়াতে সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এই পার্কটি চালু করতে কোনো উদ্যোগ নেননি।

এরপর ২০১৩ সালে বিএনপি দলীয় নেতা ও সাইফুর রহমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর এই পার্ক চালুর ব্যাপারে আবার উদ্যোগ নেন। ২০১৭ সালে পার্কে বিভিন্ন রাইড বসানোর কাজ শুরু হয়। এসময় চীন থেকে এনে বিভিন্ন আধুনিক রাইড বসানো, বিদ্যুৎ সংযোগ চালুসহ আনুসাঙ্গিক কাজ শেষ হয়। তবে এরপর থেকেই দেখা দেয় নামকরণ জটিলতা।

সকল কাজ শেষ হলেও এতোদিন নামকরণ জটিলতায় আটকে যায় এই পার্কের উদ্বোধন। এরআগে বিভিন্ন সময়ে ‌‘এম. সাইফুর রহমান শিশু পার্ক’, ‘সিলেট ন্যাচারাল পার্ক’, ‘দক্ষিণ সুরমা শিশু পার্ক’- এরকম বিভিন্ন নামে পার্কটির নামকরণের উদ্যোগ নেয়া হয়। সর্বশেষ বর্তমান প্রধানমন্ত্রীর নামে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নামে পার্কটির নামকরণ করা হয়েছে। নতুন নামকরণের পর এরই মধ্যে এ পার্কের কাজ প্রায় শেষ হয়েছে। খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন