১ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সকল রাস্তাঘাট এখন পানির নিচে। এমন পরিস্থিতিতে আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাধ্য হয়েই দুর্গম এলাকায় নৌকায় টহল দিচ্ছে। আর এতে করেই না না বিপত্তি দেখা দিচ্ছে। ফলে মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে অনেকটা অসহায় হয়েই পড়তে হচ্ছে টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নৌকায় নিয়মিত টহল দিতে গিয়ে একটি ট্রলারের ধাক্কায় উপজেলার চেঙ্গেরখাল নদীতে পুলিশের একটি নৌকা ডুবে যায়। ঘটনার পর পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠলেও খোয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল।
এঘটনায় ট্রলার ও দুই জন চালককে আটক করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের দুটি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দল ও কোস্টগার্ড বেশ কয়েক বার চেষ্ঠা করেও ব্যার্থ হয়েছে। এখন নৌবাহিনীর সহযোগীতা নিচ্ছে সিলেট জেলা পুলিশ।
সিলেটে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কোম্পানীগঞ্জে প্রতিদিনই নৌকাযোগে পুলিশের নিয়মিত টহল চলে। আজও টহল চলাকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এ ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত থাকলেও আজ সকাল পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। এখন আমরা নৌ বাহিনীর সহযোগীতা নিয়ে আবারো উদ্ধার তৎপরতা শুরু করব।