১২ সেপ্টেম্বর ২০২১


গোলাপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে গণপিটুনেতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের গুলিতে স্থানীয় ৫ ব্যক্তি আহত হন। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে ডাকাতি শেষে ৫/৬জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীকে অবগত করলে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকলে ৫ জন আহত হন। স্থানীয়রা এসময় ধাওয়ার করে এক ডাকাতকে আটক করে গণপিঠুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বাকি ডাকাতরা পালিয়ে যায়।

আহতদের পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন- পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০) ও মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)।

খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী।

ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন