৩০ আগস্ট ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে বনবিভাগের সারী রেঞ্জের পাহাড় থেকে কয়েক শতাধিক মূল্যবান গাছ চুরি হয়েছে। উপকারভোগীদের অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন আহমেদকে বিষয়টি জানানো হলেও গাছ চুরি বন্ধে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সারী রেঞ্জের নিয়ন্ত্রণাধীন ইন্দারজু, ঢুপি ও ডৌডিক এলাকায় উপকারভোগীদের সমন্বয়ের মাধ্যমে রোপণ করা মূল্যবান গাছ রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।
টিলা ঘুরে দেখা যায়, সারী রেঞ্জের নিয়ন্ত্রণাধীন ইন্দারজু, ঢুপি ও ডৌডিক পাহাড়ে বড় বড় কয়েক শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। মাটিতে রয়েছে শুধু গাছের গুঁড়ি ও ডালপালা। অর্ধকাটা অবস্থায় আছে আরও অর্ধশত গাছ। পাহাড়ের বিভিন্ন অংশের প্রায় ৩০-৪০টি গাছের গুড়ি অর্ধকাটা অবস্থায় রয়েছে। গাছ কাটার কাজে ব্যবহৃত মই, রশি পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক, আব্দুল মান্নান, এম এম রুহেল, হানিফ মিয়া ও সাজু মিয়া জানান, ইন্দারজু, ঢুপি ও ডৌডিক এলাকা থেকে মূল্যবান গাছ চুরি হয়ে যাচ্ছে। গাছ চুরি বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গাছ চুরির বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সারী রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে রেঞ্জ অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, এ বিষয়ে কথা বলতে সারী রেঞ্জ কর্মকর্তাকে কয়েকবার আমার অফিসে আমন্ত্রণ জানালেও তিনি রহস্যজনক কারণে আসেননি। এলাকাবাসী গাছ চুরির বিষয়টি আমাকেও জানিয়েছেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সিলেট বিভাগীয় অফিসের বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনারা আমাকে তথ্য দিন। আমি তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবো।