১১ সেপ্টেম্বর ২০২১
বানিয়াচং (প্রতিনিধি) প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে প্রাইভেটকার খাদে পড়ে কাকন দাস (২১) নামে এক যুবতী নিহত ও আহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহতরা হলেন মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩) । তাদের মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজক বলে জানা যায়।
শনিবার সকাল ১১টায় সুনারু গ্রামের ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারে প্রাইভেটকারযোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় বানিয়াচং- হবিগঞ্জ সড়কের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেটকার সড়কের ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মতিলাল দাসের কন্যা কাকন দাসকে (২১) মৃত বলে ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।