২ এপ্রিল ২০২৩


চুনারুঘাটে এক মাসে ৬ খুন

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের সীমান্ত ঘেষা উপজেলা চুনারুঘাট। এ উপজেলায় বিগত মাসে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিগত মার্চ মাসে খুনের ঘটনা ঘটেছে ৬টি। চেষ্টা করা হয়েছে দুই শিশুকে গলা কেটে হত্যার। বিষপানে মারা গেছেন একাধিক নারী-পুরুষ। সীমান্ত গ্রাম ও চা বাগান এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক ব্যবসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে নানা কথা ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ গত সোমবার চুনারুঘাট পৌরশহরের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে খামার বাড়ি থেকে স্বপন (১০) নামের এক কিশোরকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই শিশুকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। স্বপনের বাবার নাম কবির মিয়া। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শান্ত নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

গত ১৮ই মার্চ পৌর শহরের বাগবাড়ী এলাকার সুনাহর উল্লাহর ২য় স্ত্রী গর্ভবতী রিপা আক্তার (২২)কে শ্বাসরোধে হত্যা করে বড় সতীন সাদেকা খাতুন। পুলিশ বড় সতীন ও স্বামীকে আটক করেছে। ২৩শে মার্চ আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে বসতঘর থেকে গৃহবধূ জেসমিন (২২), প্রতিবন্ধী পুত্র ইয়াসিন (১০) এর লাশ ও জেসমিনের স্বামী সুরুজুল হক (৩৫)-এর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত জেসমিনের ছোট সন্তান আইরিনকে আহত অবস্থায় পাওয়া যায়। একই দিন রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলীর পুত্র আরজু মিয়া (২৪) এর লাশ পাশের একটি রাবার বাগান থেকে উদ্ধার করে পুলিশ। এদিন রাতে আহম্মদাবাদ ইউনিয়নের গেড়ারুক গ্রামের মন্না মিয়ার পুত্র হেলাল (৩০) এর রহস্যজনক মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ কবরস্থ করা হয়। গত ২রা মার্চ চুনারুঘাটের হাতিমারা চা বাগানে আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এতে কোটি টাকার গাছ পুড়ে যায়। এ দিকে বড়জুস গ্রামে এজাবত উল্লাহর পুত্র মামুন (২০)সহ একাধিক মানুষ বিষপানে আত্মহত্যা করে যা সাধারণ মানুষ ভাবিয়ে তুলছে। সংঘটিত সব ঘটনার তদন্ত হচ্ছে বলে জানায় পুলিশ।

সম্প্রতি চুনারুঘাট সীমান্তে মাদকের ব্যবসা চরম আকার ধারণ করেছে। পুলিশ মাদকের কিছু কিছু চালান ও গাড়ির চালকদের আটক করতে পারলেও মাদক ব্যবসার গডফাদাররা রয়েছেন ধরা ছোয়ার বাইরে। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন না করলে পরিস্থিতি আরো বিরুপ আকার ধারন করতে পারে বলে মনে করেন সুশীল সমাজ।

শেয়ার করুন