৮ আগস্ট ২০২২
বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপি’র ২৭টি ইউনিটের মধ্যে এখনো বাকি রয়েছে ৯টি ইউনিটের আহবায়ক কমিটি। এমনকি কোন পাড়ায় কমিটিও এখন করা সম্ভব হয়নি। এর মধ্যে আহবায়ক ও সদস্য সচিবের শীতল দ্বন্ধে দলীয় কর্মসূচী পালিত হচ্ছে পৃথক ভাবে। অভ্যন্তরীন কোন্দলে দলের সাংগঠনিক কাঠামো প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম। এমন পরিস্থিতিতে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সকল সদস্যদের ঢাকায় তলব করে কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে প্রায় তিন ঘন্টা ব্যাপী মহানগর বিএনপির নেতাদের নিয়ে বৈঠক করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৈঠকে দলের ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। রুদ্ধদার এই বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হাসান, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, জরুরী এই বৈঠকে মহানগর বিএনপির ৩৫ জন নেতার মধ্যে ২৪ নেতা উপস্থিত ছিলেন। বাকি নেতাদের মধ্যে দুজন দেশের বাহিরে থাকায় উপস্থিত হতে পারেন নি। আর অন্যরা ব্যক্তিগত বিভিন্ন অযুহাতে বৈঠকে যান নি। এসময় সাংগঠনিক স্থবিরতা ও বিভিন্ন ইউনিট কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের শৃঙ্খলা মেনে দলীয় সকল কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালন ও সম্মেলনের মাধ্যমে সকল ইউনিট কমিটি সহ মহানগর বিএনপির কমিটি গঠনের নির্দেশ দেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার মধ্যে রয়েছে- আগামী ২০ আগষ্টের মধ্যে অসমাপ্ত ৯ ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠন করা, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি পাড়া কমিটি গঠন করা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে সিলেট মহানগর বিএনপির সম্মলেন সম্পন্ন করা।
বৈঠকের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী আজকের সিলেট ডটকম’কে বলেন, বৈঠকে ১৫ অক্টোবরের মধ্যে মহানগর বিএনপির সম্মলেন সমাপ্ত করা সহ দলকে সংগঠিত করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি আজকের সিলেট ডটকম’কে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ টি ওয়ার্ড বিএনপির সম্মেলন সমাপ্ত করে মহানগর বিএনপির সম্মলেন সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর দলীয় বিভিন্ন ইস্যু নিয়ে আহবায়ক ও সদস্য সচিবের মধ্যে শীতল দ্বন্ধ তৈরি হয়। ইদানিং দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীও আলাদা ভাবে পালন করতে দেখা যায়। এমনকি একাধিক সাংগঠনিক সভায়ও দলের সদস্য সচিবকে দেখা যায় নি। এসব বিষয় নিয়ে অস্বস্থিতে ছিলেন দলটির তৃণমুলের কর্মীরা। বিষয়টি দলটির হাইকমান্ডের নজরে আসায় মহানগরের নেতাদের জরুরী ভিত্তিতে ঢাকায় তলব করা হয়।