২২ আগস্ট ২০২১


সিলেটে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ছয় জন সিলেটের ও দুই জন সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জন মারা গেছেন।

রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮১, সুনামগঞ্জের ২৪, হবিগঞ্জের ১০ ও মৌলভীবাজারের ২১ জন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ২৬০ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ৩৬৩, সুনামগঞ্জে পাঁচ হাজার ৯২৪, হবিগঞ্জে ছয় হাজার ১৪১ ও মৌলভীবাজারে সাত হাজার ৪৬৫ জন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট চার হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সিলেটে করোনায় মোট ৯৮৪ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭১৪, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৭০ ও ওসমানী মেডিক্যালে ৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৯০ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১ জন।

শেয়ার করুন