২৭ সেপ্টেম্বর ২০২২
জকিগঞ্জ প্রতিনিধি : করোনা সংকটে দীর্ঘ আড়াইবছর বন্ধ থাকার পর জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। গতকাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পারাপার শুরু হয়েছে।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত ২০২০ সালের মার্চ থেকে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষে জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পুনরায় চালু হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে যাত্রীদের মধ্যে। অন্যথায় তাদের অনেক ভোগান্তি পোহাতে হতো।
ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী জানান, করোনা সংকটের কারণে ২০২০ সালের ১৫ মার্চ ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে খোলার পর দিন অর্থাৎ রোববার ৩জন ও সোমবার ৬যাত্রী পারাপার হয়েছে। এখন থেকে যাত্রী পারাপার চলমান থাকবে।
ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন এ বিষয়টি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে সাথে নিয়ে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনারের সাথে দেখা করে অবহিত করেছিলাম। এর পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগে লিখিত দেওয়া হয়েছিল। অবশেষে ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে।
সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট খুলে দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এডভোকেট কাওছার রশিদ বাহার বলেন, দেরিতে হলেও পুনরায় ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার কারণে যাত্রীদের ভোগান্তি আর থাকবে না। ফলে নির্বিঘ্নে যাতায়াত করবেন দুই দেশের যাত্রীরা।