১৯ আগস্ট ২০২১
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরের মৃত মতিন মিয়ার ছেলে সামেল মিয়া (৩০), একই উপজেলার দৌলতপুরের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (২৫) এবং স্থানীয় ছয়ঘরি গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩২)।
বুধবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার বারহাল পূর্ব বটরতল সংলগ্ন নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ থানাধীন বারহাল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাশেম বলেন, মাইক্রোসে সাতজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় জনতা হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।