১ আগস্ট ২০২১
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার সাড়া ফেলছে কৃষকদের মাঝে। অল্প সময়ে নিখুঁত কাজে পারদর্শী এই মেশিনটি ব্যবহার করে অধিক লাভবান হওয়া সম্ভব বলে এর বিষয়ে কৃষকের আগ্রহ বাড়ছে।
গত বছর জকিগঞ্জে প্রথমবারের মতো রাইস প্লান্টার ব্যবহার করেছিলেন বারহালের কৃষক আবদুল কাদির। অন্যান্য বারের তুলনায় সে বছর তাঁর উৎপাদন খরচ হয় অনেকটাই কম। ধান উৎপাদনেও বড় প্রভাব পড়ে। এবার চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো জকিগঞ্জে যন্ত্রটি ব্যবহার করে আমন ধান রোপণ করেন আটগ্রামের ইসমাইল হোসেন। তাঁর মালিকানাধীন কয়েক শ একর জমিতে চাষাবাদের জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় তিনি এই প্রযুক্তির দ্বারস্থ হন।
গত মঙ্গলবার ধান রোপণকালে পরিদর্শনে আসেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শেখ ফরিদ, কাজলসার ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা শাহরিয়া তানভীর, আবদুল বাছিত, রুমন কান্তি শর্মা, রুহুল আমিন প্রমুখ।
জকিগঞ্জের বেশির ভাগ পরিবার কৃষির সঙ্গে সংশ্লিষ্ট হলেও এই সংখ্যা দিন দিন কমছে। ধান রোপণের মৌসুম এলেই নানা সমস্যায় পড়তে হয় কৃষকদের। শ্রমিক সংকটের কারণে অনেক সময় যথাসময়ে জমিতে ধানের চারা রোপণ করাও সম্ভব হয়ে ওঠে না। এমন বাস্তবতায় কৃষি যান্ত্রিকীকরণে কৃষকরা খুশি।
তবে যন্ত্রপাতি সহজলভ্য করার দাবি জানিয়েছেন কৃষকেরা। উপজেলার কাজলসার ইউনিয়নের কৃষক রহিমুদ্দিন বলেন, ‘আধুনিক এই যন্ত্রের সাহায্যে কম সময় বেশি কাজ করা যায়, খরচও অনেক কম হয় তা ঠিক। কিন্তু এত টাকা দিয়ে তো যন্ত্রটি কেনার সামর্থ্য নেই আমাদের।’
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, কৃষি যান্ত্রিকীকরণে সরকার বেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে আগামী আগস্ট থেকে কম্বাইন্ড হারভেস্টর, রাইস ট্রান্সপ্লান্টার ও পাওয়ার রিপার সরবরাহ করা হবে। এগুলো কেনায় আগ্রহীরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।