২২ জুলাই ২০২১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর মিনহাজ মিয়া (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিনহাজ একই উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাপুর গ্রামের আতিক উল্লা বেশ কয়েক বছর আগে মারা যান। এরপর থেকে ছেলে মিনহাজকে নিয়ে মা নেহা বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিনহাজের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে শিশু মিনহাজকে না পেয়ে মা নেহা বেগম মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার পর থেকে নবীগঞ্জ থানার এসআই সমরীণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তদন্তে নামে। আজ দুপুরে একদল পুলিশ সরেজমিনে বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করে। এ সময় বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ তিনদিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।