১৬ জুলাই ২০২১


হবিগঞ্জে ভার্চুয়াল আদালতে প্রথম দিনেই ২০৮ জনের জামিন

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভার্চুয়াল আদালত চালু হওয়ার প্রথম দিনেই জামিন পেয়েছেন ২০৮ জন। কারাগারে থাকা ১৩০ জন ও স্বেচ্ছায় আত্মসমর্পনকারী আরও ৭৮ জনের জামিন মঞ্জুর করেন বিভিন্ন আদালত। এতে হাজতির চাপ কমেছে হবিগঞ্জ জেলা কারাগারে।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে দু’টি ভার্চুয়াল আদালতে ১৪১টি মামলার জামিন শুনানি হয়। এরমধ্যে ৮১টি মামলায় ১০৪ জনের জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া আজমিরীগঞ্জ চৌকি আদালত ও হবিগঞ্জের অন্য দু’টি আদালতে জামিন পেলেন ১৪ মামলায় আত্মসমর্পণকারী ৭৮ জন।

অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতে ১২ জন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৪ জন এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আরও ১০ জন আসামীর জামিন মঞ্জুর হয়েছে।

হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন জানান, কারাগারের ধারণ ক্ষমতা ৫শ’ জনের। কিন্তু লকডাউনের সময় আদালতের কার্যক্রম বন্ধ থাকায় কয়েদি ছিলেন ১ হাজার ৩৩৩ জন। ভার্চুয়াল আদালত চালু হওয়ায় কারাগারে হাজতির চাপ কমেছে।

শেয়ার করুন