১১ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে সর্বোচ্চ সংখক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে সিলেটে ৬০২ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন। আক্রান্তের দিক দিয়ে সিলেটে এটাই সর্বোচ্চ। এর আগে এক দিনে সর্বোচ্চ ৪৪২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন।
রোববার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত ৬০২ জন সনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলারই ২১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এর বাইরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। বিভাগে সনাক্তের হার ৪১.৯২ ভাগ। একই সময়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলারই ৬ জন। অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।
তিনি জানান, বিভাগে সব মিলিয়ে মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।
করোনা থেকে এখন অবধি সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।
ডা. সুলতানা রাজিয়া আরও জানান, বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।