৩ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে সিলেট নগরীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে কাজ করেছে জেলা প্রশাসন।
এমন বাস্তবতায় তৃতীয় দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করার ১১৯টি মামলা ও ২১৮টি যানবাহন আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে মোট ৭৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয় এবং ০১ জনকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশ জানায়- করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ২৪ ঘন্টা মোবাইল ডিউটিসহ নিরলসভাবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ৩য় দিনে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৬০টি মোটরসাইকেল, ১৭টি প্রাইভেট কার ও ০৯টি অন্যান্য যানবাহনে সর্বমোট ১১৯টি মামলা এবং ৫১টি সিএনজিচালিত অটোরিকশা, ৮৫টি মোটরসাইকেল, ০৬টি প্রাইভেট কার ও ৭৬টি অন্যান্য যানবাহনসহ মোট ২১৮টি যানবাহন আটক করা হয়।
এর আগে কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এছাড়া বিনা কারণে কেউ বাসার বাইরে বের হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা এবং যৌক্তিক কারণ দেখাতে না পারলে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।