৫ মার্চ ২০২২
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন ‘উন্নয়নের স্বার্থে সবািইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এলাকার উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন, সেজন্য আমরা তাকে সমর্থন করতে হবে। তিনি বলেন, আমি উন্নয়নের জন্য তাকে সমর্থন করি, আপনাদেরও উচিত উন্নয়নের জন্য সবাই ‘হাবিবের পার্টি’ করা।
শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলায় লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে সংবর্ধনা ও ৫তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, দল থেকে বিভিন্ন ভাবে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে তবে আমি আর বিএনপি করবো না, নির্বাচনও করবো না। তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিবকে আমি আগে চিনতাম না, নির্বাচনের সময় ও এর পরে তার কর্মকান্ড আমার আমার ভালো লেগেছে। আমি কোন দল বুঝি না, উন্নয়নের জন্য প্রয়োজন হলে আগামী নির্বাচনে আমি তার পক্ষে কাজ করবো।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মনির আহমদ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত।