৩ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে আজ। শনিবার সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।
দক্ষিণ সুরমা, কুমারগাঁও তেমুখী বাইপাস, শাহপরান পয়েন্ট, টিলাগড়, বিমানবন্দর সড়ক, ফেঞ্চুগঞ্জ সড়কসহ নগরের প্রতিটি প্রবেশদ্বারে এলাকা ঘুরে দেখা যায়, চেকপোস্টে মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারগুলোকে থামানো হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে তাদের যেতে দেওয়া হচ্ছে। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।
অন্যান্য দিনের মতো আজও নগরের রাস্তায় গাড়ির উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি রয়েছে। এদিকে কঠোর লকডাউন কার্যকর করতে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবির ও সেনাবাহিনী বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করা হচ্ছে।
শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
চলমান লকডাউন অমান্য করে প্রথম দিন অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৩টি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে।
এদিকে শুক্রবার লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় এসএমপি পুলিশ বিভিন্ন যানবাহনকে ৯৪টি মামলা এবং ১১৬টি যানবাহন আটক করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ৬টি রয়েছে।এছাড়া আটকের মধ্যে সিএনজি অটোরিকশা ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি রয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৮৭ টি মামলা এবং এ সময় ২ লাখ ২৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।