৩০ জুন ২০২১


মাধবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা শ্রমিক পরিবারের একটি শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত চা শ্রমিক সোহেল রেলীকে (৩০) গ্রেফতার করেছে। সোহেল মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা কমল রেলীর ছেলে।

মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মেয়েটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার সকালে মেয়েটিকে ঘরে রেখে তার বাবা-মা চা বাগানে ও বড় বোন সায়হাম টেক্সটাইলে কাজ করতে যান। এরপর দুপুরে সোহেল রেলী মেয়েটিকে একা পেয়ে ঠাণ্ডা পানীয় পান করিয়ে ধর্ষণ করেন।

বাড়ি ফিরে শিশুটির বাবা মা মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং বিষয়টি বাগান পঞ্চায়েত নেতাদের জানালে তারা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন। একপর্যায়ে সোমবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে রাতে পুলিশ সোহেলকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শিশুটিকে তার পরিবার স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছে। তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন