২৯ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ। একই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। একমাত্র কোভিড ডেডিকেটেড ‘শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে’ ঠাঁই মিলছে না রোগীর। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটের বেডের জন্য চলছে হাহাকার। আইসিইউ’র সিট খালি না থাকায় অতিরিক্ত শ্বাসকষ্টের রোগীদের ফিরিয়ে দেয়া হচ্ছে হাসপাতালটি থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার পর্যন্ত ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ৯২ জন। পুরো হাসপাতালের মধ্যে সাধারণ ওয়ার্ডে মাত্র ৮টি সিট খালি আছে। সিলেটে যেভাবে আক্রান্ত বাড়ছে তাতে চিকিৎসকদের আশঙ্কা আজকের মধ্যে এই খালি সিটও রোগীতে পূর্ণ হয়ে যাবে। এরপর কোভিড ডেডিকেটেড হাসপাতালটিতে আর রোগী ভর্তির সুযোগই থাকবে না। কেবলমাত্র হাসপাতালে ভর্তি কোন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তবে ভর্তি করা যাবে নতুন রোগী।
এদিকে, শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ইউনিটের ১৬টি বেডের মধ্যে সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আইসিইউ ইউনিটে সিট না থাকায় নতুন কোন রোগী ভর্তি করা সম্ভব না হওয়ায় সংকটাপন্ন রোগীদের নিয়ে স্বজনদের প্রাইভেট হাসপাতালগুলোতে দৌঁড়াতে দেখা গেছে। আর প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রেখে রোগীকে চিকিৎসা দেয়ার সামর্থ্য যাদের নেই তাদেরকে হাহাকার করতে দেখা গেছে। রোগীর চাপ বাড়ায় কোভিড হাসপাতালের আইসিইউ’র বেড যেন রোগী ও তাদের স্বজনদের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র জানান, গেল কয়েকদিন ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সিলেট বিভাগের কোভিড ডেডিকেটেড একমাত্র হাসপাতালটিতে হাতে গোনা কয়েকটি সিট খালি আছে। যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় সিরিয়াস রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না।