১৩ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী। এ লক্ষ্যে আগামী ১৫ জুন দেশে আসছেন তিনি। বিএনপি দলীয় ভাবে এই উপ নির্বাচনে অংশ না নিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন। সাবেক এ এমপি’র ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনে ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হযেছে। এ ঘোষণার অপেক্ষায় ছিলেন শফি চৌধুরী। ঘোষণা শোনার পর শনিবার রাতেই দেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৪ জুন তার কর্মী-সমর্থকরা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন। ১৫ জুন আমেরিকা থেকে দেশে ফিরবেন তিনি।
চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থানরত সাবেক এ এমপি কয়েকদিন আগে জানান, এলাকার জনগণ চাইলে তিনি এ আসনে প্রার্থী হতে আগ্রহী। তার কাছে এলাকার উন্নয়নই সবচাইতে বড় অগ্রাধিকার।
২০০১ সালে সিলেট-৩ আসনের এমপি নির্বাচিত হন শফি আহমদ চৌধুরী। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কাছে পরাজিত হন। গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। এ জন্য আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে জাতীয পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকের নাম ঘোষণা করা হয়েছে।